1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

চলতি ঘটনা

অর্থনীতির চাকা সচলে ওবামা’র নতুন পরিকল্পনা

মার্কিন যুক্তরাষ্ট্রে আর্থিক মন্দার কবলে পড়ে গেল বছরে হাজার হাজার মানুষ চাকরি হারিয়েছে৷ ফলে উন্নয়নের গতি বেশ থমকে দাঁড়িয়েছিল৷ এ অবস্থার অবসান চান প্রেসিডেন্ট বারাক ওবামা৷

প্রেসিডেন্ট বারাক ওবামা

সে জন্য ওবামা প্রশাসনের উদ্যোগ ছিল বেশ চোখে পড়বার মতো৷

অবকাঠামোর উন্নয়নের সঙ্গে দেশের উন্নতি জড়িত- এমনটাই মনে করেন প্রেসিডেন্ট ওবামা৷ আর তাই সোমবার তিনি ঘোষণা করলেন নতুন এক উচ্চাভিলাষী পরিকল্পনার৷ এই পরিকল্পনা বাস্তবায়নে খরচ হবে পঞ্চাশ বিলিয়ন মার্কিন ডলার৷ প্রেসিডেন্ট ওবামা তাঁর নতুন এই পরিকল্পনার কথা প্রকাশ করলেন এক অনুষ্ঠানে৷ তিনি বললেন, ‘আগামী ছয় বছরে এই অর্থে আমরা পুনর্নিমাণ করবো এক লাখ পঞ্চাশ হাজার মাইল রাস্তা৷ নতুন করে নির্মাণ এবং পুরনো রেলপথ মেরামত করা হবে চার হাজার মাইল৷ বিমান বন্দরের জন্য নতুন ধাঁচের রানওয়ে নির্মাণ করা হবে দেড়শ মাইল৷ গড়ে তোলা হবে অত্যাধুনিক এয়ার ট্রাফিক কন্ট্রোল সিস্টেম৷ এর ফলে কমে যাবে যাত্রাকালীন সময়, দ্রুত নির্দিষ্ট স্থানে পৌঁছাতে পারবেন যাত্রীরা৷ আর এসবের সঙ্গে যে বিষয়টি জড়িত তা হলো নতুন কর্মসংস্থান৷'

জনগণের আর্থিক অবস্থা পরিবর্তন করতে চান ওবামা

ওবামা বলছেন, ‘এর ফলে একদিকে নতুন কাজের পরিবেশ সৃষ্টি হবে এবং অন্যদিকে অর্থনীতির চাকা ঘুরবে আরও ভালো ভাবে৷'

বলে রাখা ভালো, আর্থিক মন্দার কবলে পড়ে মার্কিন যুক্তরাষ্ট্রের চাকুরি বাজারে যে অস্থিতিশীলতা সৃষ্টি হয়েছে, তার রেশ কিন্তু এখনো কাটেনি৷ গত শুক্রবার মার্কিন শ্রম বিভাগের প্রকাশিত প্রতিবেদনে দেখা গেল বেকারের সংখ্যা জুলাই মাসের তুলনায় অগাস্ট মাসে বৃদ্ধি পেয়েছে৷ জুলাই মাসে ছিল শতকরা ৯ দশমিক ৫ শতাংশ আর এর পরের মাসে তা বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৬ শতাংশে৷

তবে ওবামার এই ঘোষণা এক্ষুনি চূড়ান্ত বলে ধরে নেয়া যায় না৷ কারণ তাঁর এই প্রস্তাবে সমর্থন লাগবে কংগ্রেসের৷ ৫০ বিলিয়ন মার্কিন ডলারের সরকারি বিনিয়োগের এই অর্থের যোগান আসবে করের মাধ্যমে৷ কংগ্রেস সাধারণ জনগণের উপর নতুন করে করের বোঝা চাপাতে দেবে কিনা, তাই এখন আলোচনার শীর্ষে৷ প্রেসিডেন্ট ওবামা আগামী বুধবার ওহিয়ো রাজ্যে সফরে যাবেন৷ সেখানেই তিনি তাঁর নতুন কর প্রস্তাব জাতির সামনে উপস্থাপন করবেন বলে মনে করা হচ্ছে৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: আরাফাতুল ইসলাম

ইন্টারনেট লিংক

এই ক্যাটেগরি’র আরো প্রতিবেদন

৫২'র ভাষা আন্দোলনে সামিল ছিলেন যারা, সেই ভাষা সৈনিকদের নিয়ে আমাদের বিশেষ পরিবেশনা৷